কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসআরবি। অপহরণ, হত্যা, ধর্ষণ ও রাহাজানিসহ বিভিন্ন সামাজিক অপরাধের পাশাপাশি নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বিশেষ এই বাহিনী। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. হৃদয় হাসান ওরফে রাকিবকে (১৯) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রাকিব কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ জুন ২০২৬ তারিখে রাকিব ওই কিশোরীকে দেখা করার জন্য স্থানীয় কাজির মসজিদ হাফিলিয়া মাদ্রাসায় যেতে বলে। কিশোরীটি সেখানে গেলে ওই মাদ্রাসার শিক্ষক ও মামলার অপর আসামি শহিদুল ইসলাম রাত ২টার দিকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে প্রধান অভিযুক্ত রাকিব সেখানে উপস্থিত হয়ে তাকে মাদ্রাসার আরেকটি কক্ষে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর দাদা বাদী হয়ে উলিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ (রংপুর সদর কোম্পানি) এবং এসআরবি-৪ (সিপিসি-২, মিরপুর ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল গত ২২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন ডেলটা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ ও বলাৎকারের মতো মারাত্মক অপরাধ নির্মূলে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *