অনলাই ডেস্ক : কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ (আর স্কোয়াড)’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে নগরের একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের একাধিক কর্মকর্তা শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রতনকে গ্রেপ্তারের পর তাঁকে সঙ্গে নিয়ে রাতেই নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শনিবার সকালেও এই অভিযান অব্যাহত ছিল।
অভিযান শেষে রতনের বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগ ও মামলার বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে জেলা পুলিশ। তবে সংবাদ সম্মেলনের সুনির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত করা হয়নি।
দীর্ঘদিন ধরে এই কিশোর গ্যাংয়ের অপতৎপরতায় এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রতনের গ্রেপ্তারের মধ্য দিয়ে নগরে অপরাধমূলক কার্যক্রম ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।