অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।
এসআরবি-৪ জানায়, কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার ফয়েজ সারজিল, স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানসহ সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েক জন মাদক কারবারি অবস্থান করছে- এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে শাহিন আলম ও বাবুলকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৪ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আশুলিয়ায় এনে মজুদ করার কথা স্বীকার করেছেন। পরবর্তী সময়ে তারা আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে এসব গাঁজা সরবরাহ করতেন বলে জানিয়েছেন।
এসআরবি-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।’
তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার শাহিন আলম ও বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।