ইলিশ নিধনের তথ্য সংগ্রহে গিয়ে বোরহানউদ্দিনে সাংবাদিকদের পিটিয়ে মোবাইল ছিনিয়ে নিল প্রভাবশালী চক্র

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের দৃশ্য ভিডিও করার অপরাধে চার সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদের মারধর করে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল ওরফে ‘কাব জাব কামাল’ ও তার বাহিনীর বিরুদ্ধে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিকরা হলেন— দৈনিক আমাদের মাতৃভূমি ও প্রতিদিনের কাগজের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি রিয়াজ ফরাজী, দৈনিক আলোচিত কণ্ঠের উপজেলা প্রতিনিধি মো. নুরনবী এবং স্থানীয় সাংবাদিক তুহিন ফরাজী ও মহসিন হাওলাদার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা অভিযানের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার গভীর রাতে হাকিমুদ্দিন বেড়িবাঁধ সংলগ্ন মেঘনায় একদল অসাধু জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিল। সংবাদ পেয়ে শনিবার ভোরে ওই চার সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে মাছ শিকারের দৃশ্য ভিডিও ধারণ শুরু করেন।

ভিডিও ধারণ করতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল ওরফে ‘কাব জাব কামাল’, ফরহাদ, আজাদ ও সোহেলসহ তাদের সহযোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে সাথে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য করে। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন এবং তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভোলাজুড়ে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার স্পষ্ট হুমকি। এ ঘটনার পেছনে যারাই ইন্ধন দিক না কেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *