বরগুনায় অপরাধীদের ছাড় নয়, উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতার নির্দেশ চীফ হুইপের

জয়নাল আবেদীন রাজু, বরগুনা প্রতিনিধি : বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, অপরাধ দমন এবং সরকারি উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার গুণগত মান বাড়ানো প্রশাসনের মূল দায়িত্ব। জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত সরকারি সেবা পায়, সেজন্য কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের ওপর জোর দেন তিনি।

উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদকে কাজে লাগানো বর্তমান সরকারের অগ্রাধিকার। কৃষি, মৎস্য, পর্যটন ও অবকাঠামো খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর প্রকল্প গ্রহণ করতে হবে।

সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়ে চীফ হুইপ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “উন্নয়ন কাজের প্রতিটি টাকায় স্বচ্ছতা থাকতে হবে। প্রতিটি প্রকল্পের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট তদারকি সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *