ভোলা জেলা পুলিশের কনস্টেবল জুবায়েরের স্বেচ্ছায় রক্তদান, মানবতার দৃষ্টান্ত

মহসিন হাওলাদার,বোরাউদ্দিন প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলা জেলা পুলিশের কনস্টেবল মো. জুবায়ের। স্বেচ্ছায় রক্তদান করে তিনি এক রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সারজনিত টিউমারে আক্রান্ত এক রোগীর জন্য জরুরি ভিত্তিতে ‘এবি পজিটিভ’ (AB+) গ্রুপের রক্তের প্রয়োজন হয়। খবর পেয়ে কনস্টেবল মো. জুবায়ের তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন এবং রক্তদান করেন।

তাঁর এই মহৎ ও প্রশংসনীয় উদ্যোগের স্বীকৃতিস্বরূপ আজ ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় কনস্টেবল মো. জুবায়েরকে নিজ কার্যালয়ে ডেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ হতে তাঁকে উৎসাহিত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের সদস্যরা সবসময়ই কঠোর পেশাদারিত্বের পাশাপাশি বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কনস্টেবল মো. জুবায়েরের এই মানবিক উদ্যোগ ভোলা জেলা পুলিশের সহমর্মিতা ও জনকল্যাণমুখী মানসিকতারই এক উজ্জ্বল প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *