খায়রুল ইসলাম চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, শারীরিক হামলা ও চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন ভাটিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ নুরুল আবছার। এসব ঘটনায় সুমন, মনির ও সোহেলসহ কয়েকজনকে দায়ী করে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
গত সোমবার (২ নভেম্বর) সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন নুরুল আবছার।
লিখিত বক্তব্যে নুরুল আবছার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুমনসহ কয়েকজন তাঁর কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও ক্ষতিসাধনের চেষ্টা করা হয়।
তিনি জানান, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারীতে প্রতিপক্ষের বাড়ির সামনে অবস্থিত নিজের বাগানবাড়িতে পরিচ্ছন্নতার কাজ তদারকি করতে গেলে সুমন ধারালো কিরিচ হাতে তাঁর দিকে এগিয়ে এসে গালিগালাজ করেন এবং আঘাতের চেষ্টা চালান। এ সময় তিনি সুমনের হাত ধরে ফেললে কিরিচটি মাটিতে পড়ে যায় বলে দাবি করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ওই দিন রাত ৯টার দিকে নিজের নিরাপত্তার স্বার্থে সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।
নুরুল আবছারের অভিযোগ, পরদিন ২১ অক্টোবর সকালে নিজের বাগানে গিয়ে একটি জামগাছ ও ১৮টি আমগাছ গোড়া থেকে কাটা অবস্থায় দেখতে পান। এতে তাঁর আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গাছ কাটার বিষয়টি পরিদর্শনের সময় সুমনের বোন সেহেরী তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে সুমন ধারালো দা নিয়ে এসে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কোমরে একাধিকবার লাথি মারেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি কোমরের ব্যথায় ভুগছেন বলে জানান।
এদিকে, গত ৩১ অক্টোবর ‘JC TV’ নামের একটি অনলাইন মাধ্যমে তাঁকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানান নুরুল আবছার। তাঁর অভিযোগ, অনুমতি ও বক্তব্য গ্রহণ ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে সম্পাদিত কণ্ঠস্বরের মাধ্যমে বক্তব্য প্রচার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নুরুল আবছার বলেন, “আমি একজন সাধারণ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন খাতে রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করছি। কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না। আমি শুধু নিজের নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার চাই। আমার বিরুদ্ধে অপপ্রচার এবং আমার ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের সময় উপস্থিত ছিলেন মোঃ সাফি, মোঃ ইসলাম, নবী সওদাগর, মোহাম্মদ সিরাজউদ্দৌলা লেদু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দিল মোহাম্মদ, মোহাম্মদ দিদার ও মোঃ শিবলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।