সীতাকুণ্ডে ভার্কের শিক্ষা বৃত্তি প্রদান, ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা বিতরণ

রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উদ্যোগে ১৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরের নিয়মিত শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভার্ক সীতাকুণ্ড এরিয়ার সহকারী পরিচালক মোঃ আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক খন্দকার হাসান আল বান্না। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে মোট ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উচ্চশিক্ষা বৃত্তি হিসেবে ৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে শিক্ষার্থীদের হাতে ৩ লাখ ২৪ হাজার টাকার শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ভার্কের চট্টগ্রাম এরিয়া সহকারী পরিচালক মোঃ আজিম রানা বলেন, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকায়ন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্রঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে সংস্থাটি প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। এরই ধারাবাহিকতায় ২০২৫-২০২৬ অর্থবছরে ভার্কের ২৫টি এরিয়ায় ২২৩ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩২ লাখ ২৮ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বিশেষ অতিথি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের শিক্ষাজীবনকে গতিশীল করা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ভার্কের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী সন্তানদের জন্য এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং পরিবারগুলোও সন্তানদের উচ্চশিক্ষা নিয়ে আশাবাদী হবে।

প্রধান অতিথি খন্দকার হাসান আল বান্না বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধার মূল্যায়ন, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং স্বপ্নপূরণে পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্ক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভার্কের সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান, ভাটিয়ারী শাখার মোঃ শরিফুল ইসলাম, নিজামপুর শাখার মোঃ সামিউল হক এবং বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম রেজুন। এছাড়া বাঁশবাড়িয়া শাখার হিসাবরক্ষক রিপা, নিজামপুর শাখার হিসাবরক্ষক মোঃ শহিদুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদানকে কেন্দ্র করে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা ভার্কের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *