আঃমাবুদ রংপুর প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে আদালতের মামলা উপেক্ষা করে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কেটে ফেলা এবং জমির মালিকদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জোনাব শাহ (পিতা: মৃত মচন শাহ) ন্যায়বিচার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ফুলের ঘাট এলাকার বাসিন্দা মোঃ জোনাব শাহ ও মোসাম্মৎ লতিফা বেগম দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে ভোগদখল করে আসছেন। মাগুড়া মৌজার (জে.এল নং-৩৭) সিএস ১৩২০ ও ১৩২১ এবং এসএ ১৫৩১ ও ১৫২৮ খতিয়ানভুক্ত বিভিন্ন দাগের এই জমি নিয়ে একই এলাকার মোঃ শফিকুল ইসলাম (পিতা: মৃত সাবের আলী সরকার), মোঃ আশরাফুল আলম মিলন ও মোঃ মাহবুবুর রশিদ বাবুল (উভয়ের পিতা: আফতাব উদ্দিন) এবং মোঃ আব্দুল মজিদ সুজন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিটিতে পাঁচজন অংশীদার থাকা সত্ত্বেও অভিযুক্তরা মাত্র এক-দুজন অংশীদারের কাছ থেকে জমি কিনে পুরো সম্পত্তি অবৈধভাবে দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এর আগে এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে উভয়পক্ষকে নিয়ে সালিশি বৈঠক বসে। বৈঠকে অভিযুক্ত শফিকুল ইসলাম জমির বৈধ ও পূর্ণাঙ্গ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং দাবিকৃত জায়গা বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে অভিযুক্ত শফিকুল ইসলাম নিজেই আদালতে একটি মামলা (এম আর মামলা নং- ৩৪৩/২৬) দায়ের করেন। তবে মামলার তদন্ত প্রতিবেদন ভুক্তভোগীদের পক্ষে যাওয়ার বিষয়টি জানতে পেরে এবং মামলাটি আদালতে চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা হকদারদের ন্যায্য অধিকার বঞ্চিত করতে নতুন করে জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হন।
এরই জেরে গত ১৪ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা ভুয়া মালিকানা দাবি করে দলবদ্ধভাবে জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা জমিটি জবরদখলের উদ্দেশ্যে জমিতে থাকা আবাদি ৭০০টি কলাগাছ কেটে ফেলেন এবং ট্রাক্টর দিয়ে খেতের হালচাষ শুরু করেন। এতে ভুক্তভোগীদের প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
খবর পেয়ে ভুক্তভোগী মোঃ জোনাব শাহ ও মোসাম্মৎ লতিফা বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দা মোঃ শামসুল হক, মোঃ আশেক আলী ও মোঃ কালা মিয়াসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
এ সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভুক্তভোগীদের লাশ গুম ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ায় জোনাব শাহ স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তরা বর্তমানে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সম্মানহানি করছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী পরিবার অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।