মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে পুলিশ বিভাগ, চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক

জামাল উদ্দিন, ক্রাইম রিপোর্টার (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এনামুল হক (৮০) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের অধীনে সরাসরি রণাঙ্গনে অংশ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এনামুল হক। যুদ্ধকালীন সময়ে তিনি শিলিগুড়ি, সান্তাহার, বগুড়া, জয়পুরহাট ও দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলে পরিচালিত মুক্তিযুদ্ধের নানা অভিযানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন এবং দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

মরহুম এনামুল হক আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, আক্কেলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ আব্দুল করিম এবং সোনামুখী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেকসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশ নেন। জানাজা শুরু হওয়ার আগে উপস্থিত সকলে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

একাত্তরের এই বীর সেনানীর প্রয়াণে পরিবার, সহযোদ্ধা ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *