জামাল উদ্দিন,জয়পুরহাট প্রতিনিধি নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী এক দিনের মাছের মেলা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ মেলায় বড়-ছোট নানা প্রজাতির মাছ নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। বিশাল আকৃতির মাছ দেখতে ও কিনতে সকাল থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। গ্রামীণ ঐতিহ্য আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।
প্রতিবছর অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসেন। পরিবারের জন্য পছন্দের মাছ কিনতে ধনী-গরিব সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মেলাটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।
মেলায় রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, ব্রিগেট, বাগাড়, বোয়াল ও চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। এর মধ্যে কয়েকটি মাছের ওজন ২৮ থেকে ৩০ কেজি পর্যন্ত। মাছের আকার ও প্রজাতিভেদে প্রতি কেজি মাঝারি মাছ ৩৮০ থেকে ৫০০ টাকা এবং বড় মাছ ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মেলায় মাছ কিনতে আসা ক্ষেতলালের মনজুরুল আলম বলেন, নবান্ন উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারে আনন্দ ও মিলনমেলার পরিবেশ তৈরি হয়। নতুন ধানের চালের ভাতের সঙ্গে মাছের নানা পদ এ উৎসবের অন্যতম আকর্ষণ। তাই পরিবারের জন্য পছন্দের মাছ কিনতে মেলায় এসেছেন তিনি।
কালাইয়ের কর্মকারপাড়ার বাসিন্দা শুভ বলেন, গতবারের তুলনায় এবার মেলায় মাছের আমদানি বেশি। তবে মাছের দাম কিছুটা বেশি মনে হচ্ছে।
মাছ ব্যবসায়ী বাইজিদ বলেন, জয়পুরহাটের সাগর হোসেন নামে এক ক্রেতার কাছে তিনি প্রতি কেজি ৪৫০ টাকা দরে ৭ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি করেছেন। মেলায় মানুষের উপস্থিতি ভালো হলেও সে তুলনায় বেচাকেনা কিছুটা কম। তবে দিন শেষে ভালো বিক্রির আশা করছেন তিনি।
পাঁচশিরা মাছবাজারের ইজারাদার আব্দুল লতিফ বলেন, জয়পুরহাট ছাড়াও বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এ মেলায় মাছ নিয়ে এসেছেন। এবার মাছের দাম স্বাভাবিক রয়েছে। এতে সব শ্রেণির ক্রেতার মাছ কেনার সুযোগ হচ্ছে। মেলায় এবার প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হতে পারে বলে আশা করছেন তিনি।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, মেলায় বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের সমাগমে ক্রেতাদের পাশাপাশি মাছচাষিরাও উৎসাহিত হচ্ছেন। অনিরাপদ বা বিষাক্ত মাছ বিক্রি রোধে মৎস্য বিভাগের নজরদারি রয়েছে। এবারও বিপুল পরিমাণ মাছ বিক্রির সম্ভাবনা রয়েছে। দিন শেষে লেনদেন দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন তিনি। পাশাপাশি মাছচাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ। ভবিষ্যতে এ মেলার পরিধি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।