মহাদেবপুরে রাস্তার নিচে মিলল মরদেহ, পরিচয় শনাক্ত করলেন স্বজনরা

মো: তৌফিক ইকবাল মহাদেবপুর( নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে রাস্তার নিচ থেকে মো. এরশাদ আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চান্দাশ ইউনিয়নের চাকলা ও লক্ষ্মীপুর গ্রামের মাঝামাঝি শাহপুকরা নামক এলাকায় মরদেহটি পাওয়া যায়। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাঁর পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসে মরদেহটি এরশাদ আলীর বলে নিশ্চিত করেন।

নিহত মো. এরশাদ আলী মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চোকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ আলী প্রায় পাঁচ বছর আগে গার্মেন্টসের চাকরি ছেড়ে এলাকায় ফিরে আসেন। এরপর থেকে তিনি গরুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। অভিযোগ রয়েছে, গত রাতে কে বা কারা তাঁকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে শাহপুকরা এলাকায় রাস্তার নিচে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় চাকলা, লক্ষ্মীপুর, চোকগৌরীসহ আশপাশের এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন ব্যক্তির মরদেহ এভাবে পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কী কারণে তাঁকে তুলে নেওয়া হয়েছিল, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তবে এরশাদ আলীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ এবং ঘটনার পেছনের রহস্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *