অনলাইন ডেস্ক: সিলেট নগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত।
স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।