জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর দামপাড়ায় সিএমপি পুলিশ লাইন্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
উদ্বোধনী বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজনের মধ্য দিয়ে সিএমপির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ শরীফুল ইসলাম, কেডিএস গার্মেন্টসের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দীন চৌধুরী এবং কেওয়াই স্টিলের সিইও (CEO) জাবির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে এই টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে।