অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে দ্বিতীয় দফায় আরো ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হক আবেদনটি করেন।
আবেদনের ওপরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে বলা হয়, সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন জবাব প্রদান করে ডিবি পুলিশকে বিভ্রান্ত করে মামলার মোড় অন্য দিকে প্রবাহের চেষ্টা করে। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থা সংক্রান্ত ব্যপারে সে কোনো সদুত্তর দিতে পারেনি।
তথাপিও সে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই, মূল রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামি সাইদ খোকনকে দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে গত মঙ্গলবার ১৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। ওইদিন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন।
আরো বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নোক্ত কারণে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)।
এরপরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন সাঈদ খোকন।