সীমান্ত থেকে গানপাউডার এনে নাশকতার পরিকল্পনা, হোয়াটসঅ্যাপে তথ্য

অনলাইন ডেস্ক : নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে দেশে গান পাউডার আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া মেঘলা মিলির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে গান পাউডার বিতরণসংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান। তিনি বলেন, এর আগেও গান পাউডারের চালান আনা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ পুলিশকে জানান, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করেন তিনি। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে পৌঁছে দেওয়ার জন্য গান পাউডার ঢাকায় নিয়ে আসেন। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করেন।

ঢাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার বিষয়ে ডিবি প্রধান বলেন, যেখানেই হামলার ঘটনা ঘটছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় পরিস্থিতি ভালো। এখনো মবের ঘটনা ঘটছে, তবে সেগুলো বিচ্ছিন্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা নেই বলেও দাবি করেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান।

তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ডিবি।

ডিবি প্রধান আরও জানান, ১৬ নভেম্বর পর্যন্ত ৭৯টি ককটেল নিক্ষেপের ঘটনায় ৮৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখেও প্রস্তুতি নিচ্ছে ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *