নীতিমালা মেনে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

অনলাইন ডেস্ক : নীতিমালার অধীনে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে দ্রুতই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।

ধানমণ্ডি লেকের উন্নয়নকাজ প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, লেকের খননসহ বিভিন্ন উন্নয়নকাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।

তিনি বলেন, ধানমণ্ডির মনোরম পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই লেকের উন্নয়ন ও খননকাজ করা হচ্ছে।

এদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিক নেতারা। একই সঙ্গে অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন তারা।

মালিক-শ্রমিকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবসা করা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।

পরে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন তারা। সেখানে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভের সময় কাকরাইল মোড়ে সদরঘাট-গাজীপুর রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিক গোল্ড সিটি নামের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরাও দিগ্বিদিক ছোটাছুটি করেন।

এ সময় আন্দোলন ছেড়ে অটোরিকশা চালিয়ে সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করা কয়েকজন চালককে আন্দোলনকারীরা মারধর করেছেন বলেও অভিযোগ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *