সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

অনলাইন ডেস্ক : কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ছয়টি একনলা বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের নির্মূলের লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাগেরহাটের মোংলা থানাধীন শেলা নদীর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় একটি দস্যুদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে গত ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে দস্যুদলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মোংলা থানায় হস্তান্তর করা হবে জানিয়েছে কোস্ট গার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *