উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার (যশোর): খুলনার রূপসায় ইটভাটার চাঞ্চল্যকর ফখরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল।
গত ১৩ অক্টোবর দিবাগত রাত ১:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আব্দুর রহমান (৩০), পিতা- আব্দুর রউফ শেখ, সাং- ইলাইপুর, থানা- রূপসা, জেলা- খুলনা।
রূপসা থানার মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১২ আগস্ট রাতে ভিকটিম ফখরুল ইসলাম (৩২) রূপসা থানাধীন “মেসার্স রূপসা ব্রিকস” নামের নিজেদের প্রতিষ্ঠানের অফিসে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।