জামাল উদ্দিন ক্রাইম রিপোর্টার : জয়পুরহাটের কালাইয়ে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ১৪৬ জন মানুষের মাঝে বিশেষ বরাদ্দের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কালাই পৌর এলাকায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিজন দুস্থ ব্যক্তিকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।
অর্থ সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “নিম্ন আয়ের মানুষ যাতে তাদের দৈনন্দিন ও জরুরি প্রয়োজন কিছুটা হলেও মেটাতে পারে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু রয়েছে। অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে সরকারি বরাদ্দের পাশাপাশি জনপ্রতিনিধিদের বিশেষ তহবিল থেকেও এই অর্থ দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, সরকার শুধু সাময়িক সাহায্যেই সীমাবদ্ধ নয়, বরং ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তা ভাতা, ভিজিডি-ভিজিএফ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের দীর্ঘমেয়াদি কর্মসংস্থান ও জীবনযাত্রার মান বাড়াতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সহায়তা পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন কালাইয়ের থুকসারা গ্রামের রশিদুল ইসলাম, ইন্দাহার গ্রামের জাকিয়া সুলতানা এবং বাশিলাপাড়া গ্রামের জাকিয়া বেগমসহ স্থানীয় অসচ্ছল পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম, তৌফিক হাসান, নাহিদ নওশিন বারী, লাইলাতুল বরাত নিঝুম ও মোহাম্মাদ হারুন-অর-রশিদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।