জামাল উদ্দিন, ক্রাইম রিপোর্টার: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের কালাই পৌর এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কালাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অভিযানে অংশ নিয়ে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, “দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। অন্য কারও মুখাপেক্ষী না হয়ে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন ও উদ্যোগী হতে হবে।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যার অধীনে প্রতি শনিবার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার করা হচ্ছে। ডেঙ্গুসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি কমাতে কেবল একদিনের কর্মসূচি নয়, বরং এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা, বৃক্ষরোপণ ও খাল খননের মতো গ্রামীণ অর্থনীতি জোরদারকারী বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন।
অভিযানে প্রতিমন্ত্রীর সহধর্মিনী নাজমা আরা বেগম, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুবসহ স্থানীয় প্রশাসন, বিডি ক্লিন, স্কাউট এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।