জয়নাল আবেদীন রাজু বরগুনা প্রতিনিধি: টানা দ্বিতীয়বারের মতো বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। একই সাথে আমতলী থানার আরও ছয় পুলিশ সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন সঞ্জয় কুমার দত্ত। এ ছাড়া শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এসআই মো. শওকত হোসেন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এসআই তানজিল আলম এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন এএসআই হারাধন চন্দ্র বাইন, এএসআই মো. জসিম উদ্দিন ও এএসআই মো. মাইনুল ইসলাম।
এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে ওসি মো. ইয়াকুব হোসাইন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব সাফল্য সহকর্মীদের উৎসর্গ করেন। তিনি জানান, টিমওয়ার্ক, পেশাদারিত্ব এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কারণেই এই গৌরব অর্জন সম্ভব হয়েছে। সততা ও নিষ্ঠার সাথে ভবিষ্যতেও জনসেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আমতলী থানার একযোগে এতজন সদস্যের এই সম্মাননা ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরও গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।