সুমন কুমার ঘোষ, নওগাঁ প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আরও ৫ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ তাদের জন্মভূমি নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। গত ৩১ অক্টোবর শনিবার জানাজা শেষে এসব মরদেহ দাফন সম্পন্ন হয়।
এর আগে শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে বিকেলে মরদেহগুলো নওগাঁয় নিজ নিজ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। স্বামী, সন্তান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। একটু সচ্ছলতার আশায় প্রবাসে পাড়ি জমানো এসব তরুণের কফিনবন্দী হয়ে ফেরার ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহতদের মধ্যে চারজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ এলাকায়। তাঁরা হলেন— ১. নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন। ২. আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ। ৩. মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক। ৪. মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব। ৫. সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
শনিবার বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে এসব রেমিট্যান্স যোদ্ধার দাফন সম্পন্ন হয়। জানাজায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও এলাকার শত শত মানুষ অংশ নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বজনহারা পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে মরদেহ দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সব ধরনের প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। সচেতন মহলের দাবি, সরকারিভাবে বরাদ্দকৃত এই আর্থিক সহায়তা যেন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিনা খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফনের সম্পূর্ণ ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। নিহতের পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়েছিল।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানান, সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলায় ১১ জন এবং সদর উপজেলায় ১ জনের প্রাণহানির পরিচয় নিশ্চিত করা হয়েছিল। এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার ৭ জনের মরদেহ দেশে এনে দাফন করা হয়েছিল। সর্বশেষ ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়া ৫ জনের মরদেহ শনিবার দাফন করা হলো।