অনলাইন ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার রোধে সর্বোচ্চ সতর্ক থাকার কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভার্চুয়ালি ও সরাসরি যুক্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। সভায় পূজার সার্বিক নিরাপত্তার পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
আইজিপি বলেন, “পূজাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাতে পারে। তাই সাইবার স্পেস মনিটরিং জোরদার করার পাশাপাশি অপপ্রচার রোধে পুলিশকে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।”
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ প্রধান বলেন, “অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, তার একমাত্র পরিচয় সে অপরাধী। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।” একই সাথে কিশোর অপরাধ ও গ্যাং কালচার দমনে কমিউনিটি পুলিশিং জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কিশোর গ্যাংয়ের নেপথ্য পৃষ্ঠপোষকদের খুঁজে বের করার তাগিদ দেওয়া হয়। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে পৃথক নিরাপত্তা পরিকল্পনা তৈরি এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বাধ্যতামূলকভাবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ও সরাসরি অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।