অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত (২৪ ঘণ্টায়) এই হিসাব রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৭ হাজার ৬৭২ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং বাকি ৩ জন রাজশাহী বিভাগের বাসিন্দা। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫০ জন রোগী। এ নিয়ে মোট ৭২ হাজার ৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, অন্যান্য মাসের তুলনায় সেপ্টেম্বর মাসেই মৃত্যু ও সংক্রমণের রেকর্ড সবচেয়ে বেশি হয়েছে। চলতি মাসের ২৯ দিনেই ১৪২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে আগস্ট মাসে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।