চট্টগ্রাম নিউমার্কেট-স্টেশন রোডে ফুটপাত উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিনের দখলমুক্ত করা হয়েছে চট্টগ্রামের নিউমার্কেট মোড় ও স্টেশন রোড এলাকার ফুটপাত। হকারদের দখলে থাকা ফুটপাত ও সড়কের অংশ উচ্ছেদ করে সাধারণ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

৪ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে হকারদের আগেই দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সিডিএর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফুটপাত পরিষ্কার করে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানিয়েছেন, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিউমার্কেট ও স্টেশন রোড এলাকা হকারমুক্ত রাখা হবে।

তবে আকস্মিক উচ্ছেদের ফলে প্রায় ৫ হাজার হকারের জীবিকা সংকটে পড়েছে। এ ঘটনায় চট্টগ্রাম ফুটপাত হকার সমিতি প্রতিবাদ মিছিলও করেছে।

সিডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, হকারদের জন্য নির্দিষ্ট সময় ও নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্যভাবে নাইট মার্কেট বা ভেন্ডিং জোনের মাধ্যমে তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে, বর্তমানে নিউমার্কেট মোড় ও আশপাশের ফুটপাতগুলো ফাঁকা থাকায় পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *