(মহসিন হাওলাদার)বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৩৫০ টাকাসহ ৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) মধ্যরাতে ভোলা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে এসআই আব্দুল আজিজের নেতৃত্বে ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দকপুর এলাকায় অভিযান চালায়। সেখানে মোঃ টুলু চৌধুরীর ঘেরের পাড়ে জুয়া খেলার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ নূর ইসলাম (৪৫), মোঃ নাগর মৃধা (২৮), মোঃ রাশেদ (২৭), মোঃ হাসান (২৬) এবং মোঃ মিলন চৌকিদার (৪৮)।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।