নওগাঁর জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিয়ের পাত্রী দেখানোর ছলে এক বৃদ্ধকে ডেকে এনে অশ্লীল ছবি ও ভিডিও তুলে টাকা দাবি করার অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা মোঃ জাকারিয়াকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা মীর মোঃ আনোয়ার হোসেন (৬২) তার ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন। এই সুযোগে তার এক পূর্বপরিচিত নারী আসামীর সাথে যোগসাজশে জাকারিয়া একটি প্রতারণার ফান্দ পাতেন। গত ৭ অক্টোবর সকাল ১০:৩০টার দিকে পাত্রী দেখানোর কথা বলে বৃদ্ধ আনোয়ার হোসেনকে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে পৌঁছানোর পরপরই জাকারিয়া ও তার সহযোগীরা তাকে মারধর করে এক নারীর সাথে জোরপূর্বক আপত্তিকর ও নগ্ন ছবি-ভিডিও ধারণ করে। পরবর্তীতে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। খবর পেয়ে ভিকটিমের স্বজনেরা কৌশলে চাঁদা দেওয়ার কথা বলে ওইদিন দুপুর আনুমানিক ২:৩০টার দিকে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে মান্দা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডের একাধিক ধারায় মামলা (মামলা নং-১১, তারিখ: ১১ অক্টোবর, ২০২৬) রজু হয়। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী মোঃ জাকারিয়াকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, জাকারিয়ার বিরুদ্ধে আগে থেকেই মোহনপুর ও মান্দা থানায় ৩টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মানুষকে জিম্মি করে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার পাশাপাশি অন্যান্য আসামিদের গ্রেফতার করতে জোর অভিযান অব্যাহত রয়েছে।