উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার (যশোর) : খুলনার খানজাহান আলী থানার চাঞ্চল্যকর সাজনীন হত্যা মামলার এজাহারভুক্ত ৩ ও ৪ নম্বর আসামি আকাশ ও সাকিবকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ (বিশেষ কোম্পানি)।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাতে র্যাব-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে র্যাব-৬ এর একটি চৌকস দল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানাধীন মহেশ্বরপাশা এলাকা এবং ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আকাশ (২২), পিতা- মৃত ওমর আলী, সাং- ফুলবাড়ী গেট, এবং সাকিব (২১), পিতা- ফারুক মিয়া, সাং- সেনপাড়া, থানা- দৌলতপুর, জেলা- খুলনা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম সাজনীন ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেটের সামনে তন্বী স্টোর নামের চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গ্রেপ্তারকৃত দুই আসামিসহ অন্যরা তাকে ১ লাখ টাকা চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করেন এবং পরে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যান।
পরে মামলার ১ ও ২ নম্বর সাক্ষী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কেএমপির খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।