নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই বাড়ি থেকে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ১ জন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে ইসাহাক আলী (৬৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইসাহাক আলী অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল নিজ হেফাজতে রেখে বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।