অনলাইন ডেস্ক : সুনামগঞ্জে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ৬ টুকরো উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তার মরদেহের ৬টি টুকরো দেখতে পান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলা দীর্ঘ তদন্তে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালত দ্রুততম সময়ে আলোচিত মামলাটির রায় দিয়েছেন। এখন দ্রুত রায় কার্যকর করা উচিত।