উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার: খুলনায় ছিনতাইয়ের সময় ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হওয়া পুলিশ পরিদর্শক শাহ আলম হত্যাচেষ্টা মামলার মূল আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শুক্রবার (১৫ অক্টোবর ২০২৬) র্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র সোনাডাঙা ও খুলনা সদর থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) এবং মো. ইব্রাহিম গাজী (৪২)।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে কলিজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কব্জির ওপরে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও গুরুতর আঘাতের একাধিক মামলা রয়েছে। এছাড়া ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই নৃশংস ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।