জাহিদ মিয়া, ঢাকা প্রতিনিধি : রাজধানীর ভাটারা থানাধীন নূরেরচালা এলাকার বোর্ডঘাট বি-ব্লকের বালুর মাঠে দিনদুপুরে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় এক দম্পতির নেতৃত্বে ইয়াবা ও গাঁজার এই কেনাবেচা চলায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, আবাসিক এলাকায় এমন মাদক কারবারের মূল হোতা মাককুল ও তার স্ত্রী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চক্র বালুর মাঠ এলাকাকে নিরাপদ আস্তানা বানিয়ে মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। অভিযোগকারীরা জানান, মাদক কেনাবেচার এই অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট ভিডিওচিত্র ও ছবি তাদের কাছে সংরক্ষিত রয়েছে। নিরপেক্ষ তদন্ত করলে ঘটনার সত্যতা সহজেই বেরিয়ে আসবে বলে তারা দাবি করেন।
আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় অবাধে মাদক ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। তাদের আশঙ্কা, মাদক কারবারের কারণে এলাকার তরুণ ও শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। সেই সঙ্গে নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ এবং দিন দিন বিঘ্নিত হচ্ছে জননিরাপত্তা।
এ বিষয়ে ভাটারা থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ওই এলাকায় নিয়মিত পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি জোরদারের জোরালো দাবি জানান তারা।
উল্লেখ্য, অভিযুক্ত মাককুল ও তার স্ত্রীর বক্তব্য এবং ভাটারা থানা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।