কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে কঠোর গুরুত্ব দেওয়া হবে: চীফ হুইপ

জয়নাল আবেদীন রাজু, বরগুনা প্রতিনিধি: কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতা রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। কিশোরীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ এবং নিরাপদ ভবিষ্যৎ গঠনে তিনি পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘প্রজননক্ষমতা ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক এক বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ বলেন, “নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে নারীদের সামাজিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মেয়েদের জন্য উপবৃত্তি ও শিক্ষার সুযোগ সম্প্রসারিত করা হচ্ছে। মেয়েরা যাতে শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা বিকশিত করে আগামীর নেতৃত্বে স্থান করে নিতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জোর দিয়ে বলেন, কিশোরীদের সুস্থ জীবনের জন্য প্রজননস্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং নিরবচ্ছিন্ন শিক্ষা অপরিহার্য। বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কর্মশালায় পাথরঘাটা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে চীফ হুইপ মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সজাগ ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘Strengthening Parliament’s Capacity in Integration of Population and Development Issues (SPCPD)’ প্রকল্প, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং পাথরঘাটা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মশালাটি আয়োজিত হয়।

সংসদ সচিবালয়ের বিঅ্যান্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ ছাড়া অনুষ্ঠানে বরগুনা জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সংসদ সচিবালয়ের যুগ্মসচিব মো. আল মামুনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *