এম ডি বাবুল, বিশেষ প্রতিনিধি: ইয়াবা এক মরণঘাতী নেশা। এর ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে তরুণ সমাজ। অন্যদিকে মাদক পাচারের মাধ্যমে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, আর আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে চতুর মাদক কারবারিরা। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সক্রিয় রয়েছে কিছু চোরাকারবারি।
তবে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ এক বিশাল অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত ২১ অক্টোবর (২০২৬) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ জানতে পারে যে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডাবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডস্থ ‘দরবার ইঞ্জিনিয়ারিং’-এর সামনে একটি বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ।
পরদিন রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে ডিবি পুলিশের আভিযানিক দল সেটিকে আটক করে। এসময় ট্রাকের চালক ও মাদক কারবারি মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেফতার করা হয়। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
গ্রেফতারকৃত রুহুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবার চালানটি রাখা আছে। পরবর্তীতে তার দেখানো মতে ও নিজ হাতে বের করে দেওয়া অনুযায়ী মোট ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ‘যশোর ট-১১-২৫৬৩’ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।