খুলনায় একই দিনে দুই স্থানে গুলি: আহত যুবদল নেতা ও মুদি দোকানদার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার (খুলনা): খুলনায় একদিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে গুলি বর্ষণের ঘটনায় এক যুবদল নেতা ও এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলার তেরখাদায় যুবদল নেতা রামীম বিশ্বাসকে এবং সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়ায় মুদি দোকানদার আকাশ কুমার কুণ্ডুকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। আহত দুজনকেই উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে মুদি দোকানদার আকাশ কুমার কুণ্ডু (শিব পদ কুণ্ডুর ছেলে) গুলিবিদ্ধ হন। মোটরসাইকেলে আসা হেলমেট পরা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। গুলিটি তার পেটে বিদ্ধ হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত আকাশকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এর আগে একই দিন বেলা ১১টা ১০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রাম এলাকায় সেনেরবাজার–মধুপুর সড়কের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রামীম বিশ্বাস (৩২) একটি ভ্যানে অবস্থানকালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পাঁজরে গুলি লাগে।

তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একই দিনে তেরখাদা ও খুলনা নগরীতে দুটি পৃথক গুলি বর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *