জামালপুর প্রতিনিধি: জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সদ্য বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) হাদিদ হাসান হিমেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারধরে তার ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজি ভেঙে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সংঘটিত এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামের একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
ভুক্তভোগী এএসপি হাদিদ হাসান হিমেল জানান, রেলওয়ে স্টেশনে তার স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানালে বখাটে যুবকরা তার ওপর চড়াও হয় এবং মারধর করে। এতে তার ডান হাতের কবজির কনিষ্ঠ আঙুল ভেঙে যায়।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আকাশ নামের একজনকে আটক করা হয়েছে। আহত এএসপি হিমেল চিকিৎসা শেষে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, নারীর প্রতি এমন অবমাননাকর আচরণ এবং প্রতিবাদকারী পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।