জামাল উদ্দিন ক্রইম রিপোর্ট : আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নুরনবী খন্দকার নয়ন ও সাধারণ সম্পাদক পদে মোরশেদুল আলম সৈকত নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে আতোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ পদে রিফাতুল হাসান রিংকু জয়লাভ করেছেন। রোববার (২৫ অক্টোবর) ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন আক্কেলপুর উপজেলা সমবায় কর্মকর্তা আবু হাশেম মো. মোকাররম হোসেন।
নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ৪৩৫ ভোট পেয়ে জয়ী হন নুরনবী খন্দকার নয়ন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী শফিউদ্দিন ছাতা প্রতীকে পান ৩৬৫ ভোট। সহসভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে ৪৯৯ ভোট পেয়ে বিজয়ী হন আতোয়ার হোসেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মোমবাতি প্রতীকে পান ২৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোরশেদুল আলম সৈকত। এ পদে মিজানুর রহমান হাবু হাতি প্রতীকে ৩১৬ ভোট ও নুরনবী আরিফ আম প্রতীকে ১৪৬ ভোট পান। কোষাধ্যক্ষ পদে শাপলা ফুল প্রতীকে ৩৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন রিফাতুল হাসান রিংকু। তাঁর প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন দেওয়ান রিকশা প্রতীকে ২৪০ ভোট এবং রেজাউল করিম গরুর গাড়ি প্রতীকে ২০৭ ভোট পান।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায় এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা নবনির্বাচিতদের অভিনন্দন জানান। নির্বাচনকালে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টু ও বিএনপি নেতা আমিনুর রশিদ ইকূসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, নতুন কমিটি আক্কেলপুর বাজারের দীর্ঘদিনের দাবি যানজট নিরসন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও নিরাপত্তা জোরদারসহ ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।