বরিশাল প্রতিনিধি: বরিশালে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নিরাপদে চলাচলের সহায়ক উপকরণ হিসেবে সাদাছড়ি বিতরণ করেছে বিভাগীয় প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে প্রটোকল ভেঙে নিজের আসন ছেড়ে উঠে সরাসরি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কাছে চলে যান স্বরাষ্ট্র সচিব। নিজ হাতে তাদের প্রত্যেকের হাতে তুলে দেন সাদাছড়ি। তাঁর এই মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগ উপস্থিত সবার মধ্যে দারুণ প্রশংসা কুড়ায়।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলের স্বাধীনতা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাস বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়ন ও তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ থেকেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধরনের কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।