অব্যবস্থাপনা, অনিয়ম ও অবহেলার জাঁতাকলে জামালপুর জেনারেল হাসপাতাল

বিশেষ প্রতিনিধি, জামালপুর: জামালপুর জেলার প্রায় ২৬ লাখ মানুষের একমাত্র ভরসাস্থল জামালপুর জেনারেল হাসপাতাল এখন চরম অব্যবস্থাপনা, অনিয়ম ও অবহেলার জাঁতাকলে পিষ্ট। দিন দিন হাসপাতালটির বেহাল দশা চরমে পৌঁছালেও এটি সংস্কার বা তদারকিতে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

একদিকে প্রতিদিন রোগীদের উপচে পড়া ভিড়, অন্যদিকে ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশ এবং চিকিৎসাসেবার নানামুখী অব্যবস্থাপনার কারণে প্রতিদিন অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সম্প্রতি সরেজমিন পরিদর্শনে হাসপাতালটির করুণ চিত্র ফুটে উঠেছে। এখানকার সার্বিক পরিবেশ দেখে মনে হয়, এটি রোগীদের সুস্থ করে তোলার বদলে আরও বেশি অসুস্থ করে তোলার জায়গা।

হাসপাতালের স্যানিটেশন ও পানির পাইপলাইনে দীর্ঘদিনের মারাত্মক অচলাবস্থা লেগেই আছে। অধিকাংশ টয়লেটের ছিটকিনি ভাঙা এবং দরজা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। বিশেষ করে মহিলা ওয়ার্ডের টয়লেটগুলোর অবস্থা অত্যন্ত নাজুক, যেখানে অপরিচ্ছন্নতা ও পানির অভাবে চরম দুর্ভোগে পড়ছেন নারী রোগী ও তাঁদের স্বজনেরা। ওয়ার্ডের ভেতরে ও করিডোরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে।

বেডের সংখ্যা অপ্রতুল হওয়ায় মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে অসহায় রোগীদের। নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিতি না পাওয়া এবং সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে নিত্যদিনের। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বলছেন, সরকারি এই প্রতিষ্ঠানে সেবা নিতে এসে উল্টো চরম শারীরিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। সচেতন মহলের মতে, অবিলম্বে এই অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *