সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর উঠে পড়লে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ের (IIUC) এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীরা নাম মাইশা মুসফরাত (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকার ডালাস পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৮ নম্বর রুটের একটি লোকাল বাসকে পেছন থেকে বেপরোয়া গতির একটি লরি জোরালো ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে গিয়ে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে। দুর্ঘটনায় গুরুত্বর আহত ৩ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত বাকি দুই শিক্ষার্থী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন IIUC-এর সাধারণ শিক্ষার্থীরা। তারা মহাসড়ক অবরোধ করে ঘটনার সুষ্ঠু বিচার ও সড়ক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ শুরু করেন। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।