সুমন কুমার ঘোষ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় এনজিওর কিস্তিতে কেনা চুরিকৃত ভ্যান উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা পুলিশ। উপার্জনের একমাত্র সম্বল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জানাতে ফুল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হন দরিদ্র ভ্যানচালক বাহাদুর। এ চুরির ঘটনায় জড়িত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর নওগাঁর রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক বাহাদুর (৫০) পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে তাঁর ভ্যান চুরির বিষয়টি জানান। নওগাঁ শহর থেকে প্রতারণার মাধ্যমে ভ্যানটি চুরি হয়ে যায়, যার কিস্তি পরিশোধও এখনো বাকি ছিল। বাহাদুরের আকুতি শুনে পুলিশ সুপার নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত ভ্যান উদ্ধার এবং চোর চক্রকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
নির্দেশনা পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল নওগাঁ জেলা পুলিশের এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গত ৩১ অক্টোবর নাটোর সদর ও নলডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত সালাম (৪৮) ও তাঁর ছেলে নয়নকে গ্রেপ্তার করা হয়। একই সাথে সালামের হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ভ্যানটি।
জীবিকার একমাত্র মাধ্যম ফেরত পেয়ে আনন্দে আত্মহারা বাহাদুর পুলিশ সুপারের সামনে ভ্যান চালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে ফুল দিয়ে পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুলিশের এ ধরনের তৎপরতা ও সফলতায় ভ্যানচালক বাহাদুরের মুখে হাসি ফোটার পাশাপাশি জেলা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে।