রুমানা ইসলাম, জেলা প্রতিনিধি (নোয়াখালী):নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর গণআবেদন নোয়াখালীর হাতিয়া উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের কালিরচর এলাকায় মোঃ নুরুল আলম (৭২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গণআবেদন করেছেন এলাকাবাসী।
গণআবেদনে উল্লেখ করা হয়, নুরুল আলম দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় আসামি ও সাক্ষী করে হয়রানি করছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি এবং টাকা না দিলে মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
আবেদনে কয়েকটি মামলার তথ্য উল্লেখ করে বলা হয়, নন-জি.আর মামলা নং ৬৮/২০২৬, সি.আর মামলা নং ৩৬৯/২০২৫, ২৯১/২০২৫, ৬৯২/২০২৬, ৫৭০/২০২৬ ও ৬৯৬/২০২৬ এবং জি.আর মামলা নং ৫৪/২০১৫ ও ২২৮/২০২৬-সহ বিভিন্ন মামলায় তিনি বাদী, সাক্ষী কিংবা সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে রয়েছেন।
বিশেষ করে চার বছর বয়সী এক শিশুকে কেন্দ্র করে দায়ের করা জি.আর মামলা নং ২২৮/২০২৬-এ শারীরিক প্রতিবন্ধী আবুল কাশেমকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। এ মামলায় আবুল কাশেমের স্ত্রীর কাছে মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগও আনা হয়েছে। এছাড়া আনোয়ার হোসেনকে না জানিয়ে একটি মামলায় সাক্ষী করা এবং পরবর্তীতে আরেকটি মামলায় আসামি করার অভিযোগও গণআবেদনে তুলে ধরা হয়েছে।
এলাকাবাসীর দাবি, এসব ঘটনার কারণে সাধারণ মানুষ ও খেটে খাওয়া পরিবারগুলো আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গণআবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কালিরচর এলাকার সাধারণ মানুষকে মামলা-সংক্রান্ত হয়রানি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।