জামাল উদ্দিন,ক্রইম রিপোর্টার জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এটিএম মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুলের বিয়ে হয়। বিয়ের পর তাদের কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে প্রায়ই পারিবারিক কলহ সৃষ্টি হতো।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক বিরোধের জেরে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা পরদিন আক্কেলপুর থানায় মামলা করেন। পরে একই বছরের ৩০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের তৎকালীন এসআই আমিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।