রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি : লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টি ও ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় সীতাকুণ্ড ক্যাম্পের রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং ঠোঁটকাটা-তালুকাটা ৩০ জন রোগীর অস্ত্রোপচার-পরবর্তী সেলাই কাটা সম্পন্ন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লায়ন্স জেলা ৩১৫-বি-৪ বাংলাদেশের রিজিওনাল চেয়ারপার্সন ও হেডকোয়ার্টার অ্যাডমিন লায়ন কাজী আলী আকবর জাসেদ।
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মো. আনোয়ার হোসেন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মো. ফরহাদুল হক, পরিচালক মোহাম্মদ জাফর উদ্দিন, লিবার্টি ক্লাবের পরিচালক লায়ন শেখ মোহাম্মদ আহসান, মমিনুল ইসলাম মামুন ভূঁইয়া প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারে ঠোঁটকাটা-তালুকাটা ৩০ জন রোগীর অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসাসেবার অংশ হিসেবে সেলাই কাটা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় লায়ন কাজী আলী আকবর জাসেদ বলেন, ঠোঁটকাটা-তালুকাটা, জন্মগতভাবে পায়ের পাতা বাঁকা এবং শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়া শিশুদের সঠিক চিকিৎসার জন্য লায়ন্স ডিজেবিলিটি কেয়ার কাজ করে যাচ্ছে। এ ধরনের শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে অভিভাবকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।