ঘুম থেকে উঠেই ফোন দেখেন? জেনে নিন কী ক্ষতি হতে পারে!

অনলাইন ডেস্ক : সকালে ঘুম ভাঙার পর অনেকেরই প্রথম কাজ ফোন হাতে নেওয়া। চোখ খোলার পরপরই নোটিফিকেশন দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারা কিংবা মেসেজের উত্তর দেওয়া—এসব যেন প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু ঘুম থেকে উঠেই ফোনের পর্দায় চোখ রাখার অভ্যাস শরীর ও মনের ওপর কী প্রভাব ফেলে, তা কি ভেবে দেখেছেন?
মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে

ঘুম থেকে উঠেই ফোনে বিভিন্ন নোটিফিকেশন, মেসেজ ও খবর দেখতে শুরু করলে মনোযোগ একসঙ্গে অনেক দিকে ছড়িয়ে পড়ে। দিনের শুরুতেই নানা তথ্যের মধ্যে ডুবে যাওয়ায় গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দিতে অসুবিধা হতে পারে।

সকালে ঘুম ভাঙার পরপরই নেতিবাচক খবর, কাজের মেসেজ কিংবা নানা ধরনের নোটিফিকেশন দেখলে দিনের শুরুতেই মানসিক চাপ তৈরি হতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের জীবনযাপনের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতা থাকলে অস্বস্তি বাড়তে পারে।

ঘুম থেকে উঠেই ফোন হাতে নিলে অনেক সময় অজান্তেই দীর্ঘক্ষণ স্ক্রল করা হয়। এতে সকালের প্রয়োজনীয় কাজ, নাশতা কিংবা দিনের প্রস্তুতি নিতে দেরি হতে পারে। ফলে পুরো দিনের রুটিনেও প্রভাব পড়তে পারে

ঘুম থেকে ওঠার পরপরই দীর্ঘ সময় ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখে শুষ্কতা, ক্লান্তি কিংবা অস্বস্তি দেখা দিতে পারে।বিশেষ করে ঘুম থেকে উঠে চোখ পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই দীর্ঘক্ষণ স্ক্রিন দেখলে এমন সমস্যা অনুভূত হতে পারে।
ঘুমের অভ্যাসেও প্রভাব ফেলতে পারে

সকালে ফোন ব্যবহারের অভ্যাস অনেকের ক্ষেত্রে রাতে ফোন ব্যবহারের সময়ও বাড়িয়ে দেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতে রাত জেগে থাকলে ঘুমের সময়সূচি এলোমেলো হতে পারে।

ঘুম থেকে ওঠার পর অন্তত কিছু সময় ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন। দিনের শুরুতে পানি পান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হালকা শরীরচর্চা ও নাশতার মতো কাজে সময় দিন।

জরুরি কোনো কাজ না থাকলে কিছুক্ষণ পর ফোনের নোটিফিকেশন দেখা শুরু করতে পারেন।
সকালে ফোন দেখা একেবারে ক্ষতিকর নয়। তবে ঘুম থেকে উঠেই দীর্ঘ সময় ফোনে ব্যস্ত থাকার অভ্যাস এড়িয়ে চলা ভালো। দিনের শুরুটা নিজের প্রয়োজন ও কাজের পরিকল্পনা দিয়ে সাজালে সময়ের সঠিক ব্যবহার করা সহজ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *