নিজস্ব প্রতিবেদক, জোরারগঞ্জ (চট্টগ্রাম): চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি এবং জুয়া খেলার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পূর্বের রাজনৈতিক মামলায় পাঁচজন, জিআর পরোয়ানাভুক্ত একজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং ভ্রাম্যমাণ আদালতে একজনসহ মোট ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও আইনের আওতায় আনা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নি:) কামরুল হাসান ও এসআই (নি:) আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক সাড়ে ১২টায় বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মধ্যম জামালপুরের মো. সোহেল (৩৬) এবং নোয়াখালীর সোনাইমুড়ীর ছোট লতিফপুর এলাকার বর্তমান বারইয়ারহাট নিবাসী হাবিবুর রহমান (৩০)।
অপরদিকে, এসআই (নি:) কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ১০ নভেম্বর রাত ১টা ১০ মিনিটে ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহানগর এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালান। সেখানে জুয়া খেলার সময় ৫২ পিস তাস ও নগদ ৪,০৮০ টাকাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা (নং-১৫) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নুরুচ্ছফা রুবেল (৩৮), খান সাব উদ্দিন (৩১), আবু ছালেক (৩৫) ও মো. শামছুদ্দিন (৩৫); সবাই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর পাশাপাশি অন্যান্য অভিযানে এএসআই (নি:) খন্দকার বাবুল ৯ নভেম্বর রাতে কাজীরগ্রাম এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি শেঠ আসিফ মাহমুদকে গ্রেপ্তার করেন। এছাড়া এসআই (নি:) মো. আব্দুল্লাহ আল মাসুদ ১০ নভেম্বর গভীর রাতে বারইয়ারহাট পৌর এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. ইব্রাহিমকে (৩২) গ্রেপ্তার করেন।
অন্যদিকে, এসআই (নি:) মতিউর রহমান ১৮ অক্টোবরের একটি নিয়মিত মামলার (নং-১২) তদন্তে ৫ জন রাজনৈতিক নেতাকর্মীকে ১০ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার করেন। তারা হলেন— ৭নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন (৩৮) ও মোহাম্মদ হোসেন খোকন (৪৩), ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী মো. রানা শেখ (২৮), ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজী (৬৬) এবং ৫নং ওসমানপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৫০)। জোরারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।