চট্টগ্রাম (সন্দ্বীপ) প্রতিনিধি: সন্দ্বীপের ওমর ফারুক সুজন (প্রকাশ সুজন মেম্বার) বিরুদ্ধে মৎস খোপ ডাকাতির অভিযোগ। সন্দ্বীপ থানা, হাতিয়া থানা, কোস্টগার্ড এ এই সুজন মেম্বার এর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ।
প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশী ভুক্তভোগীর তালিকা দীর্ঘ তাজউদ্দীন, বোরহান সিকদার, নিজাম মাঝি, জুয়েল (প্রকাশ জুয়েল ডাক্তার) সহ আরও অসংখ্য খোপ ব্যাবসায়ী ও সংশ্লিষ্ট মানুষ একই ভাবে নির্যাতিত। ডাকাত আতংকে এর কেউ মামলা দায়ের, বা অভিযোগ করতেও সাহস পাচ্ছে না, তাদের হুমকি ধামকি আর নির্যাতনের কারণে।।
মেঘনা নদীতে মাছ ধরার বোট, খুঁটি জাল, ঘের ও বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে সন্দ্বীপের মাইটভাঙ্গার মো. ওমর ফারুক সুজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় চার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ীরা।
এর মধ্যে একজন ভুক্তভোগী মোহাম্মদ রসুল আহমদ। তিনি অভিযোগ করেন গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে মেঘনা নদীতে তাঁর বোটে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি হাতিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার জিআর নম্বর ৩১৮ উল্লেখ করে মো. ওমর ফারুক সুজন কে প্রধান আসামি হিসেবে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী রসুল আহমদের দাবি, তাঁর বোট, খুঁটি জাল, ঘেরসহ বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা, জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর চলমান ব্যবসা দখল, কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, হয়রানি ও লুটপাটের কারণে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে আইনগত ভাবে বিভিন্ন চেষ্টা করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। ফলে তিনি প্রশাসনের কাছে লিখিত আবেদন করে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
লিখিত আবেদনে রসুল আহমদ নিজেকে মেঘনা নদীর একজন মৎস্য ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর ব্যবসা ও জীবিকার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। এ পরিস্থিতিতে তাঁর ব্যবসা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
আবেদনে তিনি মেঘনা নদীর মৎস্য ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ও অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখল হওয়া সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
অপরদিকে মাইনুদ্দিনকে ঘিরে নতুন অভিযোগঃ
স্থানীয় একাধিক সূত্রের দাবি, মাইনুদ্দিন নামে এক ব্যক্তি, যিনি এলাকায় ‘মাইনুদ্দিন ডাকাত’ নামে পরিচিত, সুজন মেম্বারের আস্থাভাজন মাঝি হিসেবে নদীতে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী রসুল আহমদের অভিযোগ, সুজন গং মাইনুদ্দিন ডাকাত কে ব্যবহার করে তাঁর খুঁটি ও সংশ্লিষ্ট সম্পদ বর্তমানে দখলে রেখেছে। এছাড়া স্থানীয়দের অভিযোগে সন্দ্বীপের মোহিম ডাকাত ও মাষ্টার ডাকাতের নামও উঠে এসেছে। তাঁদেরকে কথিত ডাকাতচক্রের পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করছেন অভিযোগকারীদের কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
কোস্টগার্ডের অভিযানে ২২ জন গ্রেফতারঃ
স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি কোস্টগার্ডের অভিযানে সুজন গংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ২২ জনকে নদীতে ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে এবং তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। তবে আটক ব্যক্তিদের পরিচয়, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বর্তমান আইনি অবস্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
জনমনে প্রশ্ন—এত অভিযোগের পরও প্রতিকার কোথায়?একজন ব্যক্তিকে ঘিরে বারবার ডাকাতি, দখল ও হয়রানির অভিযোগ উঠলে তার পেছনের নেপথ্য শক্তি কারা এমন প্রশ্ন এখন স্থানীয় সচেতন মহলের। নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, মৎস্য ব্যবসায়ীরা যদি তাঁদের বোট, জাল ও ব্যবসার মালিকানা হারানোর আশঙ্কায় থাকেন, তাহলে মেঘনা নদীকেন্দ্রিক মৎস্য অর্থনীতি কীভাবে টিকে থাকবে?
স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে অচিরেই অনেক জেলে ও মৎস্য ব্যবসায়ী তাঁদের পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়বে।
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা
ভুক্তভোগী মোহাম্মদ রসুল আহমদ প্রশাসন এর কাছে আবেদন করে তাঁর বোট, খুঁটি জাল, ঘের ও অন্যান্য সম্পদ উদ্ধারের পাশাপাশি জীবনের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে আইনগতভাবে প্রতিকার পাওয়ার চেষ্টা করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
সচেতন মহলের দাবি, মেঘনা নদীতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কথিত ডাকাতচক্রের বিরুদ্ধে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকলে তাঁদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দখল হওয়া সম্পদ উদ্ধারের ব্যবস্থা করতে হবে।
এখন প্রশ্ন একটাই—মেঘনা নদীতে সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা কি নিরাপদে তাঁদের জীবিকা নির্বাহ করতে পারবেন, নাকি দখল ও আতঙ্কের কারণে একদিন বন্ধ হয়ে যাবে হাজারো মানুষের জীবিকার অবলম্বন?