নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৭নং মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম আলী মিঠুর বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও দলীয় কার্যালয়ে জাতীয় নেতাদের ছবি ভাঙচুরের যে অভিযোগ উঠেছে, সরেজমিন অনুসন্ধানে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়েছে।
মাঠের চিত্র ও স্থানীয়দের বক্তব্য:
হারাগাছের আমবাগানের ভেতরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে একটি বিশাল গর্ত খোঁড়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি কোনো বাণিজ্যিক বালু মহাল নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত পুকুর খননের কাজ।
জমির মালিক রাজা মিয়া রংপুর শহরের ধাপ এলাকায় বসবাস করলেও হারাগাছ হকবাজারে তার পৈতৃক নিবাস রয়েছে। জমির মালিকের কাছ থেকে টাকা দিয়ে অনুমতি নিয়ে স্থানীয় ২০-৩০ জন তরুণ মাটি ও বালু উত্তোলনের কাজ করছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেফ আলী। এছাড়া শ্রমিক জয়নাল, আমিনুল, ফুয়াদ ও আবু জাহির জানান, মালিক সেখানে পুকুর খনন করে মাছ চাষ করবেন। তারা কেবল দৈনিক মজুরির ভিত্তিতে বালু তুলে দিচ্ছেন এবং এ ঘটনার সাথে বিএনপি নেতা মীর কাসেম আলীর কোনো সম্পৃক্ততা নেই।
মীর কাসেম আলীর চ্যালেঞ্জ:
অভিযোগের বিষয়ে মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম আলী মিঠু বলেন, “আমি ৩৩ বছর ধরে রাজনীতি করছি এবং থানা বিএনপির তিনবারের সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাকে ও আমার রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করতে এই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”
বালু উত্তোলনের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি বালু তোলার সাথে বিন্দুমাত্র জড়িত নই। উল্টো অপর অভিযুক্ত রিপন নিজেই প্রতি গাড়ি বালু থেকে ৬ হাজার টাকা করে নেন, যা এলাকার সবাই জানে।”
দলীয় কার্যালয়ে ছবি ভাঙচুরের বিষয়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “যদি প্রমাণ হয় যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেছি, তবে আমি রাজনীতি ছেড়ে দেবো। মূলত জিকু ও তার লোকজনই এই ন্যক্কারজনক কাজ করেছে।” তিনি আরও জানান, তারেক রহমানের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তিনি হারাগাছ এলাকাকে প্রায় ৯০-৯৫ শতাংশ মাদকমুক্ত করেছেন। মাদক ব্যবসা বন্ধ করায় তার ওপর এই অতর্কিত হামলা চালানো হয়েছে।
হামলার ঘটনা ও পাল্টাপাল্টি অভিযোগ:
গত বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে মর্ণেয়া ইউনিয়নের শেখপাড় বাজারে দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। মীর কাসেম আলীর অভিযোগ, একটি পারিবারিক মীমাংসা চলাকালে রমজান আলী জিকু ও রিপন মিয়াসহ ১৫-২০ জন মোটরসাইকেলে এসে হামলা চালায় এবং কার্যালয়ের চেয়ার ও ছবি ভাঙচুর করে। এতে তিনিসহ চারজন আহত হন।
অন্যদিকে, অভিযুক্ত রিপন মিয়ার দাবি, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে দলীয় রাজনীতির সাথে যুক্ত থেকে বিভিন্ন সময় নির্যাতন ও জেল-জরিমানা ভোগ করেছেন। তিনি কখনোই নেতাদের ছবি ভাঙচুর করতে পারেন না বলে দাবি করেন এবং এর বিপরীতে ১০ কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দেন। এছাড়া জিকুর বিরুদ্ধে অবৈধ জাল বিড়ি বিক্রি ও কর ফাঁকির অভিযোগও রয়েছে।
প্রশাসন ও দলের বক্তব্য:
বালু উত্তোলনের বিষয়ে কাউনিয়া-হারাগাছ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল জানান, জায়গাটি ব্যক্তি মালিকানাধীন বলে জেনেছেন এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গঙ্গাচড়া উপজেলার কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম জানান, ভিডিও দেখে বিষয়টি নজরে আসার পর আপাতত বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং মাইদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনার পরপরই জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন সুজন, উপজেলা সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ শীর্ষ স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।