ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণ ও ৫ লাখ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

ভোলা প্রতিনিধি: ভোলা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকাসহ মো. আঃ আলী (৩৯) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে এসব স্বর্ণ ও টাকা চুরি করে ভোলায় বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

১৪ নভেম্বর ২০২৬ তারিখে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান পরিচালনা করে। গত ১৩ নভেম্বর বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, ভোলা সদর রোডের ‘ন নূর জুয়েলার্স’ নামক একটি দোকানে এক ব্যক্তি সন্দেহজনকভাবে কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই জুয়েলার্স দোকানে উপস্থিত হয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে থাকা কালো রঙের হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম মো. আঃ আলী (৩৯); পিতা- বশিরদ্দিন, মাতা- মাফিয়া, সাং- টঙ্গীবাড়ি, জেলা- মুন্সিগঞ্জ বলে পরিচয় দেন।

উদ্ধারকৃত স্বর্ণালংকারের বৈধ মালিকানা বা কোনো ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নূর জুয়েলার্সের মালিকের মাধ্যমে স্বর্ণগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় সর্বমোট ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া তার ব্যাগ তল্লাশি করে নগদ ৫ লাখ টাকা (১০০০ টাকার দুটি এবং ৫০০ টাকার ছয়টি বান্ডিল) এবং কিছু কৃত্রিম অলংকার জব্দ করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ নিয়মে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, তিনি ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার জনৈকা সাম্মা তাছলিমের বাসা থেকে এই স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেন। পরে তা ভোলায় নিয়ে এসে বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঢাকার মোহাম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

উদ্ধারকৃত আলামত ও আসামিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের জোরালো অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *